ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের (DANAFF) ‘ডানাফ ট্যালেন্টস এবং প্রজেক্ট মার্কেট’-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘অলৌকিক রাজহাঁস’ এবং যৌথ প্রযোজনার ছবি ‘বিফোর দ্য আর্থ কলাপসেস’। সিনেমা দুটির নির্দেশনায় রয়েছেন যথাক্রমে বাংলাদেশের তরুণ নি
র্মাতা রাজীব রাফি এবং জাপানের নোরিকো ইউয়াসা।
দেশের একটি প্রচলিত লোকগল্পের ওপর ভিত্তি করে সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘অলৌকিক রাজহাঁস’। এটি পরিচালক রাজীব রাফির প্রথম পূর্ণাঙ্গ সিনেমা, যার কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিনেমাটির চিত্রনাট্যের পাশাপাশি তহবিল সংগ্রহের কাজও চলছে বলে জানিয়েছেন নির্মাতা।
এই প্রসঙ্গে পরিচালক রাজীব রাফি বলেন, “আমাদের সিনেমাটির এখনো চিত্রনাট্যের কাজ চলছে। এর মধ্যেই আমরা তহবিল সংগ্রহের কাজ করছি। আর্ট হাউস বা ইনডিপেনডেন্ট সিনেমার জন্য দেশে প্রযোজক পাওয়া কঠিন, সেখানে ভিয়েতনাম থেকে আমন্ত্রণ পাওয়াটা আমাদের জন্য গৌরবের।”
তিনি আরও জানান, এশিয়া থেকে মোট ১০টি প্রজেক্ট এই মার্কেটে নির্বাচিত হয়েছে। পিচিংয়ের মাধ্যমে বিশ্বের নানা দেশের প্রযোজকদের কাছে সিনেমাটির কনসেপ্ট তুলে ধরার সুযোগ পাবেন তারা। এছাড়া কো-প্রোডাকশন স্ট্র্যাটেজি নিয়ে সেখানে বিশেষ কর্মশালাও অনুষ্ঠিত হবে, যা তরুণ নির্মাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ২৭ জুন প্রজেক্ট মার্কেটে অংশ নিতে ভিয়েতনামে যাচ্ছেন ‘অলৌকিক রাজহাঁস’ ছবিটির প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ। সিনেমাটির গুরুত্বপূর্ণ প্রযোজক হিসেবে আরও যুক্ত রয়েছেন রুবাইয়াত হোসেন ও আশিক মোস্তফা।
অন্যদিকে, জাপানি নির্মাতা নোরিকো ইউয়াসার পরিচালনায় ‘বিফোর দ্য আর্থ কলাপসেস’ সিনেমাটিতে বাংলাদেশ থেকে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন তানভীর হোসেন। এর আগে তার প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল মেনশন পেয়েছিল। এই ছবিটির আরেক প্রযোজক নেপালের প্রবীণ কুমার, যিনি ২০১৫ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কারপ্রাপ্ত নেপালি ছবি ‘দ্য ব্ল্যাক হেন’-এর প্রোডাকশন ম্যানেজার ছিলেন। পাশাপাশি পরিচালক নিজেও এই সিনেমায় প্রযোজক হিসেবে যুক্ত আছেন।
উল্লেখ্য, আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ৪ জুলাই পর্যন্ত চলবে ভিয়েতনামের এই ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল।


