বিশ্বকাপের এক সপ্তাহ আগে উত্তপ্ত মেক্সিকো: শিক্ষকদের আন্দোলনে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদন
spot_img
spot_img
বিশ্বকাপের উৎসব শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো। আর মাত্র এক সপ্তাহ পর, আগামী ১১ জুন দেশটিতে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। কিন্তু তার আগেই রাজধানী মেক্সিকো সিটিতে শিক্ষকদের তীব্র আন্দোলন নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।

গত বুধবার মেক্সিকো সিটিতে বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। এ সময় তারা ল্যাম্পপোস্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারি ভবনে হামলা করে। এর আগের দিন মঙ্গলবার কট্টরপন্থী শিক্ষক ইউনিয়ন সিএনটিই (CNTE)-এর একটি দল বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা কয়েকজন ফুটবলারের বিশাল প্লাস্টিকের মূর্তি দড়ি দিয়ে টেনে মাটিতে নামিয়ে ফেলে। পরে মূর্তিগুলোর গায়ের জার্সি খুলে তাতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিতে আয়োজকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ম্যাচ খেলতে আসা দলগুলোর নিরাপত্তা নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম জানিয়েছেন, তার সরকার কোনোভাবেই সহিংসতার ফাঁদে পা দেবে না। বিক্ষোভ দমনে বলপ্রয়োগ বা দমনপীড়নের পথে হাঁটবে না সরকার।

নিজের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, “তারা চাচ্ছে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আমরা যেন দমনমূলক ব্যবস্থার আশ্রয় নিই।” একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

বিক্ষোভকারী শিক্ষকেরা মূলত বেতন বৃদ্ধি এবং পেনশন ব্যবস্থার নতুন সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হলে আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই বিশাল গণবিক্ষোভের ডাক দেওয়ার হুমকি দিয়েছে শিক্ষক ইউনিয়নটি।

জানা গেছে, সরকার ইতোমধ্যে সিএনটিই-এর সঙ্গে ৯ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছালেও আন্দোলনরত শিক্ষকেরা তা মানতে নারাজ। তাদের দাবি, বেতন ১০০ শতাংশ বৃদ্ধি করতে হবে।

বিশ্বকাপের দোরগোড়ায় এসে এই আন্দোলন এখন আর শুধু শ্রমিক অসন্তোষের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি আয়োজক দেশ মেক্সিকোর নিরাপত্তা প্রস্তুতির জন্য একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে।

সর্বশেষ নিউজ