তৃণমূল কংগ্রেসের লোকসভার ২৮ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত ২০ জনই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহী শিবির। এই দাবির পরদিনই ক্ষুব্ধ ও বিদ্রোহী নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
দলের বর্ষীয়ান নেতা ও সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের প্রতি কারও কোনো ক্ষোভ থাকলে বা মতাদর্শগত পার্থক্য থাকলে তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। মঙ্গলবার (৯ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এই কড়া বার্তা দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর সাম্প্রতিক আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করে কল্যাণ ব্যানার্জি বলেন, “কারও যদি দলের সঙ্গে মতভেদ থাকে, কারও কর্মকাণ্ড যদি জনগণের সামনে দলকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে, দলের বিরুদ্ধে যদি তাদের অজস্র ক্ষোভ থাকে কিংবা তারা যদি আর দলে থাকতে না চান এবং অন্য কাউকে সমর্থনের সিদ্ধান্ত নেন, তাহলে নৈতিকতার খাতিরে তাদের পদত্যাগ করা উচিত।”
এ সময় তিনি গত সোমবার তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়ের পদত্যাগের উদাহরণ টেনে আনেন। এই প্রবীণ নেতার প্রশংসা করে কল্যাণ বলেন, “তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় গতকাল রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। তিনি কিছু অভিযোগ তুলেছেন, সেসব অভিযোগে কতটা সত্যতা আছে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে আমরা বিশ্বাস করি, পদত্যাগ করে তিনি সঠিক কাজটিই করেছেন এবং নৈতিকতার মানদণ্ড ও রাজনৈতিক সততা বজায় রেখেছেন।”
তিনি বিদ্রোহী সাংসদদের উদ্দেশে আরও যোগ করেন, সুখেন্দু শেখর রায় যেভাবে রাজনৈতিক সততা দেখিয়ে পদত্যাগ করেছেন, একই পরিস্থিতিতে থাকা অন্যদেরও একইভাবে পদত্যাগ করা উচিত।

