নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পুনঃনির্ধারণের কারণে বদলে গেছে অস্ট্রেলিয়া নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ নারী দলের ওপর। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এর আগে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সংশোধিত সূচিতে ওয়ানডে সিরিজটি বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি আর মাঠে গড়াচ্ছে না। এই সিরিজ বাতিলের ফলে বাংলাদেশের শূন্যস্থান পূরণ করবে নিউজিল্যান্ড নারী দল। তারা ওই সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে।
মূলত, আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের সূচি জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই অস্ট্রেলিয়া তাদের নারী দলের সূচি নতুন করে সাজায়, যার ফলে নিউজিল্যান্ডের সফরটিকেও দুই ভাগে ভাগ করা হয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী, ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনির নর্থ সিডনি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে কিউই নারীরা। ঠিক এই তারিখগুলোতেই আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে আগামী মার্চে আবারো অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড নারী দল, যেখানে তারা তিনটি ওয়ানডে খেলবে। ৮ মার্চ জাংশন ওভালে অনুষ্ঠেয় ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ ফ্লাডলাইট স্থাপনের পর এটিই হবে সেখানে প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক ম্যাচ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন তারিখ সম্পর্কে আইসিসির ঘোষণার পর আমরা এমন একটি সংশোধিত সূচি তৈরি করেছি, যা দল ও সমর্থকদের জন্য সর্বোত্তম ফল বয়ে আনবে।”
সূচি সমন্বয়ের ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন পিটার রোচ।
একনজরে পরিবর্তিত নতুন সূচি:
অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল (ওয়ানডে সিরিজ):
-
৯ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)
-
১১ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)
-
১৪ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)
অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল (টি-টোয়েন্টি ও ওয়ানডে):
-
১৮ অক্টোবর: নর্থ সিডনি ওভাল (টি-টোয়েন্টি)
-
২০ অক্টোবর: নর্থ সিডনি ওভাল (টি-টোয়েন্টি)
-
২২ অক্টোবর: নর্থ সিডনি ওভাল (টি-টোয়েন্টি)
-
৬ মার্চ: মানুকা ওভাল (ওয়ানডে, দিবা-রাত্রি)
-
৮ মার্চ: জাংশন ওভাল (ওয়ানডে, দিবা-রাত্রি)
-
১০ মার্চ: জাংশন ওভাল (ওয়ানডে, সকাল)
#এম_আর

