মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনার জেরে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে দেশটিতে ভ্রমণ না করার বিষয়ে পূর্বে জারি করা সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বুধবার (১০ জুন) এক বিশেষ সতর্কবার্তায় ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, ‘আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ইরাকে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবরের ওপর কড়া নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’
সতর্কবার্তায় আরও বলা হয়, ‘যেকোনো সময় আগাম নোটিশ ছাড়াই আকাশপথ বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি যোগাযোগ বা যাতায়াতব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হতে পারে।’
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইরাক ভ্রমণের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘লেভেল ৪ ট্রাভেল অ্যাডভাইজরি’ বা সর্বোচ্চ স্তরের ভ্রমণ সতর্কতার বিষয়টি এদিন আবারও মনে করিয়ে দেয় দূতাবাস।
যুক্তরাষ্ট্র সরকারের জারি করা ভ্রমণ সতর্কবার্তার মধ্যে এটিই সর্বোচ্চ ধাপ। সতর্কবার্তায় অত্যন্ত স্পষ্ট করে বলা হয়, ‘যেকোনো কারণেই হোক, এখন ইরাক ভ্রমণ করবেন না। আর আপনারা যদি বর্তমানে সেখানে অবস্থান করে থাকেন, তবে এখনই দেশ ছাড়ুন।’
#এম_আর

