ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ডিসি কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। আহত অবস্থায় মাহাদী হাসানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

মাহাদী হাসানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন তিনি। সরকারি অফিস চত্বরে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটেছে বলেও ভিডিওতে উল্লেখ করা হয়।

এর আগে বুধবার মাহাদী হাসান অভিযোগ করেন, ফেসবুকে দেওয়া একটি রাজনৈতিক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কিছু কর্মী তাকে ধাওয়া করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় আশ্রয় নেন বলেও জানান।

তবে ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। মাহাদী হাসান নিজের গুরুত্ব বাড়াতে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।

পুলিশও আগের দিনের ধাওয়ার অভিযোগের বিষয়ে কোনো সত্যতা পায়নি বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে মাহাদী হাসানের দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।

সাম্প্রতিক এই ঘটনার পেছনে তার ফেসবুকে দেওয়া একটি রাজনৈতিক স্ট্যাটাসকে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে হামলার অভিযোগের বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ নিউজ