আমেরিকান দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে ২৮ কোটি টাকার ওষুধ অনুদান হিসেবে পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। বিনামূল্যে পাওয়া এসব ওষুধ রোগীদের বিনামূল্যে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের প্রচেষ্টায় অনুদানের এসব ওষুধ হাসপাতালে পৌঁছায়। ওষুধগুলি গ্রহণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের ৬৯৬টি ওষুধ ও সরঞ্জাম হাসপাতালে এসে পৌঁছেছে। এসব উপকরণ ও ওষুধের বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা। বিভিন্ন জটিল রোগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অনুদানের এসব ওষুধ বিতরণ বিনামূল্যে দেওয়া হবে। এসব বিদেশি ওষুধ প্রয়োগের বিষয়টি তদারকি করবেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ।
সূত্রে জানা গেছে, ডিরেক্ট রিলিফ একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়াই সংস্থাটির প্রধান কাজ। নগদ অর্থের পরিবর্তে তারা সরাসরি ওষুধ ও চিকিৎসা উপকরণ অনুদান হিসেবে দিয়ে থাকে। এতে ওষুধের অপচয় কম হয় এবং জটিল রোগে আক্রান্ত রোগীরা উপকৃত হন। গত মার্চ মাসে ডা. আজিজুল হক আজাদের উদ্যোগে ডিরেক্ট রিলিফ থেকে আরও প্রায় ১০০ কোটি টাকার ওষুধ রামেক হাসপাতালে আসে অনুদান হিসেবে।
এছাড়া গত বছরের নভেম্বরে আরও ৩৬ কোটি টাকার ওষুধ পাওয়া যায় সংস্থার পক্ষ থেকে। এরও আগে গত বছরের আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান হৃদরোগীদের জন্য প্রায় ১৭ কোটি টাকার অ্যাল্টেপ্লেস ওষুধ নিয়ে আসেন। এসব ওষুধও রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

