রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির নিবন্ধন বাতিল করেছে সরকার। একই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ নির্দেশনা দেন।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট হতে পারেনি সরকার। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ছিল অস্পষ্ট ও অগ্রহণযোগ্য।
গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং চিকিৎসক-নার্সদের দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতকদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল অপর্যাপ্ত।
এছাড়া ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক ওয়ার্ডে উপস্থিত ছিলেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুরুতর অবস্থার পরও নবজাতকদের সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি বলে তদন্তে উঠে আসে।
প্রতিবেদনে আরও বলা হয়, জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে অবস্থার অবনতি ঘটার পর যথাযথ জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি।
তদন্তে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব এবং প্রশাসনিক ব্যর্থতার বিষয়ও তুলে ধরা হয়েছে।

