চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

২০২৬-২৭ অর্থবছরের বাজেট একটি চিন্তাশীল বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেট পেশকালে এর নীতি-কাঠামো মোটামুটিভাবে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আমার কাছে মনে হয়েছে অন্য যেকোনো সময়ের চেয়ে এবার একটি চিন্তাশীল বাজেট তৈরি হয়েছে। এই চিন্তাশীল বাজেটের মূল নীতি-কাঠামোয় অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে এক বছরের সময়ের কথা বলা হচ্ছে। পাশাপাশি আরও ৩ বছর অর্থনীতি পুনরুদ্ধার এবং আরও ১ বছর অর্থনীতি বিনির্মাণের কথা বলা হয়েছে।

তিনি বলেন, অর্থনীতিতে চাঞ্চল্য আনতে বাজেটে বিনিয়ন্ত্রণ ও উদারীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে নীতি-কাঠামো বাস্তবায়নে আর্থিক কাঠামো জরুরি। যেখানে বিদেশি ঋণের কথা বলা হয়েছে। এই হিসেবে বাজেট বাস্তবায়নই বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। সেই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম উত্থাপিত বাজেট।

প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। যেখানে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা।

সর্বশেষ নিউজ