কানাডার বিশ্বকাপ ম্যাচের বদলে প্রেমিকা পপ তারকা কেটি পেরির পারফর্ম্যান্স দেখতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার (১২ জুন) কানাডা বনাম বসনিয়ার ম্যাচটি মিস করে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
শুক্রবার কানাডার ম্যাচের পরিবর্তে জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন। সেখানে তার প্রেমিকা কেটি পেরি পারফর্ম করেন। পারফর্ম্যান্স শেষে মঞ্চ থেকে নেমে এসে গ্যালারিতে উপস্থিত প্রেমিক ট্রুডোকে চুম্বন করেন কেটি পেরি। ম্যাচ চলাকালীন টেলিভিশনের পর্দায় এই জুটিকে পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যায়।
কানাডার নাগরিকরা একে ‘দেশের জন্য চরম অপমান’ হিসেবে দেখছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে তাকে ‘বিশ্বাসঘাতক’ বা ‘প্রতারক’ হিসেবেও মন্তব্য করতে দেখা গেছে।
সমালোচনার ঝড়ে চুপ থাকেননি ট্রুডো। সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছেন, ‘মাঝে মাঝে সাপোর্টিভ প্রেমিকের দায়িত্ব পালন করতে হয়। আর আপনারা জানেন, আমি বিশ্বকাপ ফুটবলে কাকে সমর্থন করছি।’
উল্লেখ্য, ২০২৩ সালে সোফি গ্রিয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর, গত বছরের জুলাই থেকে ট্রুডো ও কেটি পেরির সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এই যুগলের সম্পর্ক ও ট্রুডোর এই সিদ্ধান্ত নিয়ে কানাডার রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

