স্কটল্যান্ডের বিপক্ষে কি ফিরছেন নেইমার? যা জানালেন ব্রাজিল কোচ

ক্রীড়া প্রতিবেদন
spot_img
spot_img
ব্রাজিল দলে নেইমার জুনিয়রকে রাখা নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিনের ফর্মহীনতা ও ইনজুরি সমস্যার কারণে অনেকেই মনে করেছিলেন, তাকে স্কোয়াডে রাখাটা বড় ধরনের ঝুঁকি। তবে হাইতির বিপক্ষে জয়ের পর সেই বিতর্কের মাঝেই এই ব্রাজিলিয়ান সুপারস্টারের প্রত্যাবর্তন নিয়ে আশার বাণী শোনালেন কোচ।

চলমান বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। কাফ ইনজুরির কারণে তাকে পুরোপুরি বিশ্রামে রাখা হয়। তবে হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর আনচেলত্তি জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচেই দেখা যেতে পারে দলের অন্যতম সেরা এই তারকাকে।

আগামী ২৪ জুন ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইউরোপিয়ান দল স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। এই ম্যাচকে সামনে রেখেই নেইমারের ফিটনেস নিয়ে ইতিবাচক আপডেট দিয়েছেন আনচেলত্তি। তিনি জানান, ‘নেইমার আগামীকাল আলাদাভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের বাকি সদস্যদের সাথে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে পুরোপুরি ফিট থাকবে বলে আমরা আশাবাদী।’

এদিকে নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্ব দারুণভাবে সামলাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতিয়াস কুনিয়া ও ক্যাসেমিরোরা। এখন পর্যন্ত তাদের পারফরম্যান্স পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ স্বস্তি দিচ্ছে।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন ভিনিসিয়ুস, যদিও ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে হাইতির বিপক্ষে আবারও চেনা ছন্দে দেখা গেছে রিয়াল মাদ্রিদ তারকাকে। একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন তিনি। অন্যদিকে সেই ম্যাচে জোড়া গোল করে নজর কেড়েছেন মাতিয়াস কুনিয়া। স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার ফিরলে ব্রাজিলের আক্রমণভাগ যে আরও ভয়ংকর হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

#এম_আর

সর্বশেষ নিউজ