প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবিদুল ইসলাম সিয়াম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তের খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিয়াম আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে। তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, জাইমা রহমানকে নিয়ে ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে আপত্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডিটির ব্যবহারকারীকে শনাক্ত করে পুলিশ। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এর আগে গত ১৯ জুন রাতে আখাউড়া থানায় এ ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন আখাউড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম তারেক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তের ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব পোস্টে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

