ব্রাজিল সমর্থকদের জন্য অবশেষে স্বস্তির খবর। চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে বাইরে থাকা নেইমার জুনিয়র এখন পুরোপুরি ফিট। স্কটল্যান্ডের বিপক্ষে দলের তৃতীয় ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, নেইমার কেবল খেলার জন্যই প্রস্তুত নন, বরং তিনি পুরো ৯০ মিনিট খেলার সক্ষমতাও রাখেন।
অনুশীলনে নেইমারের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ আনচেলত্তি সাংবাদিকদের জানান, “নেইমার ফিট আছে এবং খেলার জন্য প্রস্তুত। এই সপ্তাহে সে দুর্দান্ত অনুশীলন করেছে। তার মতো মানসম্পন্ন খেলোয়াড়কে ফিরে পাওয়া পুরো দলের জন্য আনন্দের।”
তিনি আরও যোগ করেন, নেইমার কতক্ষণ খেলতে পারবেন তা নিয়ে কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। “সে অর্ধেক ম্যাচ খেলতে পারে, আবার পুরো ৯০ মিনিটও খেলতে পারে। দলে ফিরতে সে দারুণ পরিশ্রম করেছে। তার স্কিল ও অভিজ্ঞতা আমাদের জন্য এখন খুব জরুরি।”
প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে থাকা ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না। তবে কোচ আনচেলত্তি প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে দেখছেন না। তিনি বলেন, “ম্যাচটা কঠিন হবে। স্কটল্যান্ড সুসংগঠিত দল এবং তাদের দলে ম্যাকটোমিনে ও ম্যাকগিনের মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। বিশ্বকাপে এখন সহজ ম্যাচ বলে কিছু নেই।”
ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে গ্রুপ পর্বে ৬০ ম্যাচের মধ্যে মাত্র ৫টি পরাজয় রয়েছে। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য চিন্তার বিষয় হলো, এই পরাজয়ের ৩টিই এসেছে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে (১৯৬৬ সালে পর্তুগাল, ১৯৯৮ সালে নরওয়ে এবং গত বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে)। এই পরিসংখ্যান মাথায় রেখে আনচেলত্তি ও তার শিষ্যরা কতটা সতর্ক থাকে, সেটাই এখন দেখার বিষয়।

