সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অমানবিক ভিডিওর সূত্র ধরে নরসিংদীতে এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) আটক করা হয়। তিনি সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।
‘অ্যানিম্যাল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে এবং রশির অপর প্রান্তে একটি ভারী ইট সংযুক্ত করে নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নদীতে ছুড়ে ফেলছেন।
ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পর নরসিংদী সদর মডেল থানা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, ঘটনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, “ভিডিওটি আমাদের নজরে আসার পর অভিযুক্তকে শনাক্ত করে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পশু নির্যাতনের এমন অমানবিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয় সচেতন মহল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

