২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে। এই জয়ের পর বিশ্বজুড়ে সমর্থকদের উদযাপনের ভিডিও প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF)। আর সেই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রিও ডি জেনেইরো, দুবাই ও কেরালা সমর্থকদের পাশাপাশি সগর্বে স্থান করে নিয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাসের দৃশ্য।
স্কটল্যান্ড জয়ে ড্যাফোডিল ক্যাম্পাসে উৎসব
গত ২৫ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে ভিনিসিয়ুসদের গোল উৎসবের সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে হাজারো শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী জড়ো হয়েছিলেন। মিলনায়তনটি যেন এক টুকরো মারাকানায় পরিণত হয়েছিল। ব্রাজিলের গোল হওয়ার পর হলজুড়ে হলুদ জার্সি ও পতাকায় মোড়ানো সেই আবেগের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সরাসরি নজরে আসে ব্রাজিল ফুটবল ফেডারেশনের।
আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতা
ড্যাফোডিল শিক্ষার্থীদের এই উন্মাদনা এবারই প্রথম আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেনি। এর আগে খোদ ব্রাজিল তারকা নেইমার জুনিয়র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি একটি ভিডিওতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ড্যাফোডিলের সমর্থকদের ভিডিও শেয়ার করে লিখেছিলেন, “আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আমাদের এই সুন্দর খেলাটি আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে দেয়।”
বিশ্ব ফুটবলে বাংলাদেশের আবেগের মর্যাদা
শনিবার (২৭ জুন) ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে স্কটল্যান্ড জয়ের উদযাপনের মোট ৬টি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে ড্যাফোডিল শিক্ষার্থীদের উদযাপনের দৃশ্য দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা মনে করছেন, ব্রাজিলের নিজস্ব শহরের পাশাপাশি বাংলাদেশের সমর্থকদের এই দৃশ্য বিশ্ব ফুটবলের মানচিত্রে দেশের ফুটবলাবেগের একটি অনন্য ও গর্বের স্বীকৃতি।

