ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোক বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সংঘর্ষের কারণে সরাইল নাসিরনগর লাখাই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া দাবি করেন, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে তিনি সুদের এক লাখ টাকা পাবেন। তবে খাদিম ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে খাদিম নিহত হন।
পরে সোমবার বিকালে খাদিমের জানাজা শেষে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন।
এরপর মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজন।
সরাইল থানার ওসি বলেন, থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

