ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ( গ্রেড-১) হিসেবে প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী মঙ্গলবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১), সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান এর স্থলাভিষিক্ত হন।
উল্লেখ্য, গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ( গ্রেড-১) পদে নিয়োগ প্রদান করা হয়।
মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পেশ ইমাম হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ইসলামি গবেষক, মুহাদ্দিস ও শরিয়াহ বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সংস্থার শরিয়াহ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন কওমি মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে নিয়মিত দীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন নবনিযুক্ত মহাপরিচালক বাকী।
এ সময় তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব অর্পণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয় বরং দেশের আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, গবেষক ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে একটি আরও কার্যকর, আধুনিক, সেবামুখী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয়ে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১) সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুস ছালাম খান। এছাড়া বক্তব্য রাখেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, যাকাত ফান্ড বিভাগের পরিচালক ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

