ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের পথে যাত্রা করেন।
স্পিকারের সফর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন। শোকাবহ এই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরার কথা রয়েছে।
১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণকারী আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব গ্রহণ করেন। ইসলামী বিপ্লব পরবর্তী শাসনব্যবস্থায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন এবং ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বিশ্ব রাজনীতিতে পরিচিতি লাভ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

