ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
৬ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন— মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, ডা. এস এম খালিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সূত্রমতে, সদ্যপ্রয়াত ইরানি নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা আগামী ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত একাধিক ধাপে ও দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। ১১ দলের এই প্রতিনিধিদলটি ইরান সরকার ও দেশটির শোকাহত জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সফরকালে প্রতিনিধিদলটি দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এই সফর বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

