নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ী ও লাইব্রেরি মালিককে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের মরদেহ অজ্ঞাত স্থানে লেপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
নিহত মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ফারুক মিয়ার ‘জাজিরা টাওয়ারের’ ষষ্ঠ তলায় সপরিবারে বসবাস করছিলেন। মাসদাইর বাজারে তার একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা ছিল।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি সন্দেহভাজন বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লেপ-তোশক খুলে মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতেই তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাকে শ্বাসরোধ করার পাশাপাশি শরীরে গরম পানির ছ্যাঁকা দেওয়ার লোমহর্ষক আলামত পাওয়া গেছে। ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম তদন্ত চালিয়ে যাচ্ছে।

