সাভারে এনসিপির সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ: আহত ১

প্রতিনিধি, সাভার
spot_img
spot_img

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন বক্তব্য রাখছিলেন, ঠিক সেই মুহূর্তে বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নেতাকর্মীদের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়। তবে মঞ্চে উপস্থিত থাকা নেতৃবৃন্দ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে সাভারে বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত দাবি করেছেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সমাবেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ