প্রার্থিতা ফিরে পাওয়ার পর এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়াইয়ের জন্য প্রতীক বরাদ্দ পেলেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। একতারা প্রতীক দেয়া হয়েছে তাকে।
সোমবার (২৬জুন) সকালে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এর আগে রবিবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ও স্বতন্ত্র প্রার্থী হিরো আলমসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন সাতজন। এ সাতজনই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ওই সময় রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন জানান, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে, একটি দল থেকে দুজন মনোনয়ন জমা দেয়ায় উভয়ের মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই।
(এইদিনএইসময়/২৬জুন/তাবী)

