বস্তিতে প্রচারণায় বাধা পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

মঙ্গলবার পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও বুধবার (৫ জুলাই) প্রচারণা চালাতে গিয়ে বাধার মুখে পড়েছেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মহাখালীর সাততলা বস্তিতে প্রচারণা চালাতে গেলে একদল নারী-পুরুষ হিরো আলমকে বাধা দেয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে বাধার মধ্যেও হিরো আলমকে বস্তির মধ্যে ঢোকার চেষ্টা করতে দেখা গেছে। টিকতে না পেরে শেষ পর্যন্ত বস্তি ছেড়ে বেরিয়ে যান আলোচিত এই প্রার্থী।

হিরো আলমের প্রচারণার ভিডিওতে দেখা গেছে, তিনি যখন সঙ্গে থাকা অল্প কিছু লোক নিয়ে প্রচারণা চালাতে বস্তিতে ঢুকছেন তখন একদল নারী তাকে ভেতরে যেতে বারণ করেন। তারা জোরালভাবে এখানে আসার বিরোধিতা করলে হিরো আলমও কেন যেতে পারবেন সে কথা জানতে চান। এক পর্যায়ে পরিস্থিতি ঘোলাটে হয়। পুরুষের পাশাপাশি নারীরাও যোগ দেন তাদের সঙ্গে।

ভিডিওতে হিরো আলমকে বাধা দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। বাধা দেওয়ার সঙ্গে জড়িতদের দুই একজনকে স্লোগান দিতে বারণ করতেও দেখা যায়।

ভিডিওতে এক পর্যায়ে হিরো আলমকে ধাক্কা দিতে দেখা যায়। তখন হিরো আলমকেও ধাক্কা দিতে দেখা যায়। আলোচিত এই ইউটিউবারের সঙ্গে থাকা লোকজনকে হিরো আলমের ওপর হামলা হয়েছে বলে বারবার চিৎকার করতে শোনা যায়।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। অন্যদিকে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীও আছেন। মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে।

(এইদিনএইসময়//৫জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ