ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন হিরো আলম। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ব্যক্তিগত সহকারী শুভকে নিয়ে তিনি ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। পরে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।
ডিবি কার্যালয়ের ভেতরে সাংবাদিকদের হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। সেখানে ভোটের শেষ মুহূর্তে আমার ওপর হামলা হয়। হামলায় কারা কারা ছিল তাদের শনাক্তের জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি ডিবির প্রতি কৃতজ্ঞ, তারা দ্রুত হামলাকারীদের ধরেছে, যা ভাবতেও পারিনি।
হামলার ঘটনায় জড়িতরা কারা? এ প্রসঙ্গে তিনি বলেন, হামলাকারীদের গায়ে নৌকার সিল দেখেছিলাম। এদের মধ্যে কিছু ভাড়া করা, কিছু আওয়ামী লীগের ব্যাজ পরা ছিল। প্রকৃত আওয়ামী লীগের কয়জন তা জানি না।
হিরো আলম বলেন, যাদের ধরে আনা হয়েছে তাদের তো রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তারা যদি বলে ওরা আমার লোক, তাহলে আমি দায় মাথা পেতে নেব।
রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেফতার দুজন হলেন মানিক গাজী ও আল আমিন।
এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
উপনির্বাচনের দিন ১৭ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করে। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।
(এইদিনএইসময়/২১জুলাই/এলএ)

