ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় তাকে পুলিশ নিরাপত্তা দিতে পারেনি বলে জানান তিনি।
তিনি বলেন, কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।
শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, এর আগে গত ১৭ জুলাই বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র পরিদর্শনে গেলে দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন হিরো আলম। এ ঘটনায় জাতিসংঘও উদ্বেগ জানিয়েছে।
(এইদিনএইসময়/২২জুলাই/২০২৩)

