দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণে কোথাও কোনো ধরনের অস্বচ্ছতা নজরে এলে সেখানকার ফলাফল স্থগিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, অতীতের মতো এবারো নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা থাকবেন। এতে নির্বাচনের স্বচ্ছতা আরও বাড়বে। তবে কোথাও অস্বচ্ছতা নজরে এলে সেখানকার ফলাফল স্থগিত করে দেওয়া হবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন স্বচ্ছ না হলে সেটা যেমন আমাদের জন্য অপমানের, লজ্জার তেমন আপনাদের জন্যও অপমানের লজ্জার। নির্বাচন স্বচ্ছ না হলে শুধু আমাদের কথা শুনতে হবে তা নয়, আমাদের ছেলে-মেয়েদেরও কথা শুনতে হবে। তারা বাসা থেকে বের হতে পারবে না। আমরা সবাই মিলে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য যা যা করার প্রয়োজন তা করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। এ নির্বাচন কীভাবে করা যায় তারই একটা প্রস্তুতি সভা করলাম। রাজশাহী বিভাগের যারা এ নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সবাই এসেছেন। তারা আমাকে আশ্বস্ত করেছেন, আমরা বিধি মেনে নির্বাচন করতে চাই। যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারেন।
তিনি আরও বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ তেমন কিছুই না। নির্বাচনী চ্যালেঞ্জ সবাইকে নিয়ে ঔক্যবদ্ধভাবে কাজ করা। আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে নিয়ে কাজ করার। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন বরাবরই হয়ে এসেছে। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।
ভোটারের উপস্থিতি কেমন আশা করছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বলা খুব কঠিন। আগেই আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না। তবে আমরা ভোটারদের সচেতন করার জন্য ব্যবস্থা নিয়েছি। ভোটার আনার দায়িত্ব কমিশনের না এটা প্রার্থীর দায়িত্ব। উনারাই ভোটার আনার ব্যাপারে দায়িত্বশীল থাকবেন। তবে ভোটাররা যাতে সুষ্ঠভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ আমরা নিশ্চিত করবো।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় রাজশাহীসহ নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সহকারী রিটার্নিং কর্মকর্মতারা উপস্থিত ছিলেন
(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

