অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাদের অর্থপাচার সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে।
এ জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুদক। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা চিঠিতে এসব তথ্য চাওয়া হয়।
চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির দেশে-বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দিতে বলা হয়েছে। পাশাপাশি অর্থপাচার সংক্রান্ত নথিও চেয়েছে সংস্থাটি।
দুদকের নথিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবেই আর্থিক তথ্য চাওয়া হয়েছে।
বাংলাদেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে দুদক। এর মধ্যে সঞ্চয়ী ও চলতি হিসাব, ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, ঋণ, সঞ্চয়পত্র, এফডিআর ও ডিপিএস রয়েছে। সংশ্লিষ্ট হিসাবের লেনদেন ও রেকর্ডও পর্যালোচনার জন্য সংগ্রহ করতে বলা হয়েছে।
বিদেশের সম্পদের তথ্যও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, বিনিয়োগ, ব্যাংক হিসাব, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
এসব দেশে আসিফ মাহমুদ বা তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোম্পানির কোনো সম্পদ, বিনিয়োগ বা ব্যাংক হিসাব রয়েছে কিনা, তা সংশ্লিষ্ট দেশের বিএফআইইউ-সদৃশ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাইয়ের উদ্যোগ নিতে বলা হয়েছে।
