শরিফ ওসমান হাদির রাজনৈতিক লড়াই ও তার কবরকে কেন্দ্র করে বিএনপি ও দলটির শরিকদের একটি অংশের ভূমিকার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে কবরকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না বানিয়ে হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
৯ অক্টোবর (শুক্রবার) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ওসমান হাদির রাজনৈতিক লড়াই এবং তার কবরকে ঘিরে যে ধরনের রাজনৈতিক বক্তব্য ও বিতর্ক তৈরি হচ্ছে, তা দুঃখজনক ও নিন্দনীয়। হাদির হত্যার বিচার নিশ্চিত করার আগে তার কবর নিয়ে কটাক্ষ করা রাজনৈতিক ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
পাটওয়ারীর ভাষ্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যে রাজনৈতিক অবস্থান ছিল, সেটি তার রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের মাজার যেমন যথাস্থানে থাকবে, তেমনি ওসমান হাদির কবরও যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে সংরক্ষণ করা উচিত।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির কবরকে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা বিতর্কের বিষয় বানানো ঠিক নয়। অতীতে কবর, স্মৃতিচিহ্ন ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতীক ভাঙচুরের যে সংস্কৃতি দেখা গেছে, তার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ওসমান হাদির রাজনৈতিক আদর্শ, আন্দোলন ও ভূমিকা নিয়ে আলোচনা কিংবা মতভেদ থাকতে পারে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সেই মতভেদ যেন তার কবরের প্রতি অসম্মানে রূপ না নেয়।
পোস্টের শেষাংশে তিনি হাদির হত্যাকাণ্ডের বিচার, ইতিহাসের মর্যাদা রক্ষা এবং আধিপত্যমুক্ত বাংলাদেশের দাবি জানান। তার মতে, রাজনৈতিক স্বার্থে কবরকে ঘিরে বিভাজন তৈরি না করে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাই এখন প্রধান দায়িত্ব।

