ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটি আয়োজিত শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ধর্মীয় অধিকার কারও করুণা বা অনুগ্রহের বিষয় নয়। এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। রাষ্ট্রকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের সবার আগে পরিচয় বাংলাদেশি। ধর্ম, বর্ণ বা গোত্রের ভিত্তিতে বিভাজন তৈরির সুযোগ থাকা উচিত নয়। শুধু ধর্মীয় অধিকার স্বীকার করলেই হবে না, বাস্তবে সেই অধিকার নিশ্চিত করাও জরুরি।

ধর্মের রাজনৈতিক ব্যবহার নিয়েও কথা বলেন মন্ত্রী। তার মতে, ধর্ম মানুষের আধ্যাত্মিক চর্চা ও স্রষ্টার সান্নিধ্য লাভের মাধ্যম। রাজনৈতিক স্বার্থে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের আধিপত্য প্রতিষ্ঠা কাম্য নয়।

দুর্গাপূজার অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও নিরাপদ ধর্মীয় পরিবেশ বজায় রাখতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।

সর্বশেষ নিউজ