মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান আগং ও প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পাঠানো কূটনৈতিক উপহার হিসাবে উৎকৃষ্ট মানের দেশীয় এ আম কুয়ালালাম্পুরস্থ বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে পাঠানো উপহারের এই এক হাজার কেজি আম কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, মিডিয়াকর্মী, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের নিকট পৌঁছে দেয়।
শুভেচ্ছা উপহার পাঠানোর এ উদ্যোগটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশি আম তথা কৃষিজাত পণ্যকে মালয়েশিয়ার মাটিতে একটি সম্ভাবনাময় রপ্তানিপণ্য রূপে তুলে ধরতে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
(এইদিনএইসময়/২৩জুন/এলএ)

