কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৮টায় লন্ডন বিমান বন্দরে পৌঁছেছেন। ৯ জুলাই বিকাল ৬টায় লন্ডনের রয়েল রিজেন্সি হলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেই সঙ্গে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নাগরিক কমিটির লন্ডনের সংগৃহিত মাসব্যাপী গণস্বাক্ষরের কপি গ্রহণ করবেন এবং যুক্তরাজ্য থেকে সংগৃহিত গণস্বাক্ষর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পৌঁছে দিতে তা তুলে দেওয়া হবে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের হাতে।
ইতোমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর কুমিল্লার ২০টি সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে দ্য কুমিল্লা কনসোর্টিয়াম ইউকে।
৮ জুন সর্ব সম্মতিক্রমে সলক সংগঠনের প্রতিনিধিদের প্রস্তাবে গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্সের সভাপতি সাইফুল ইসলাম দুদুকে আহবায়ক, সাংবাদিক তানভীর আহমেদকে সদস্য সচিব ও রুহুল আমীনকে প্রধান উপদেষ্টা করে ৭১ সদস্যবিশিষ্ট নাগরিক কমিটি গঠন করে দ্য কুমিল্লা কন্সোর্টিয়াম ইউকে’। পরে ৯ জুন এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
বাংলাদেশ থেকে সপরিবারে লন্ডনে পৌঁছানোর পর বিমান বন্দর থেকে হোটেল পর্যন্ত ফুলেল শুভেচ্ছা জানান ইউকে বসবাস শতশত বৃহত্তর কুমিল্লার বাসিন্দারা।
যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর কুমিল্লাবাসীদের তরফে রবিবার ৯ জুলাই এই আয়োজনকে ঘিরে লন্ডনজুড়ে আনন্দ বিরাজ করছে।
(এইদিনএইসময়/০৬জুলাই/এলএ)

