রাজধানীর মহাখালী রয়েল পেট্রোল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধের ঘটনায় মাসুম (২৩) নামে আরও একজন মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা চার।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, মাসুমের শ্বাসনালীসহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, এই ঘটনায় ভর্তিকৃত রানা ও মামুনের শরীরের পাঁচ, জীবনের আট ও কামালের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
মৃত মাসুমের খালা পারভিন জানান, নোয়াখালীর সোনাইমুরি উপজেলার রামনাথপুর গ্রামে মাসুমের বাড়ি। বাবার নাম সালাউদ্দিন, থাকতেন তেজগাঁও নাখালপাড়ায়। ওই পাম্পের অপারেটর ছিলেন তিনি।
এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরদিন বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল খায়ের। রোববার রাতে মারা যান সালাউদ্দিন। সোমবার সকাল সাড়ে ৭টায় মারা যান আমির হোসেন শুভ (৩৫)।

