রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম উমা চক্রবর্তী (৬৫)।
সোমবার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, উমা চক্রবর্তী’র শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান। এ ঘটনায় আমাদের এখানে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক।
এর আগে সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাইতাইল এলাকার একটি বহুতল ভবনের নিচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধসহ মোট আটজন আহত হয়।
দগ্ধরা হলেন– উমা চক্রবর্তী (৬৫), তার মেয়ে বীনা রানী (৫০), দেবা চক্রবর্তী (৩৫), নাতি পিনাট চক্রবর্তী (১৪) ও লিপি চক্রবর্তী (২৬)।
পরে দগ্ধ চারজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং বাকি আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

