মোটরসাইকেলে অফিসে যাওয়ার পথে স্বামীর সামনেই প্রাণ গেল স্ত্রীর

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

রাজধানীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সবুজবাগের মানিকদিয়া ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন স্বামী ফখরুল আহসান। সকাল পৌনে ৯টার দিকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেরিন তাসনিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী ফখরুল আহসান জানান, আমরা যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় থাকি। আমি ধানমন্ডির একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি এবং আমার স্ত্রী গুলশানের এসকিউ গ্রুপে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। মোটরসাইকেল নিয়ে আমরা সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় আসলে বালুতে মোটরসাইকেল স্লিপ করলে দুজনেই পড়ে যাই।

তিনি বলেন, পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। আহত অবস্থায় আমরা দুজনই হাসপাতালে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এ ঘটনায় নিহতের স্বামীও আহত হয়েছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত আছেন।

সর্বশেষ নিউজ