বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বাংলাদেশের সোলারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্ন চরাঞ্চলে সোলার বিদ্যুৎ আরও বৃদ্ধি করা হবে। ভাসানচরসহ দেশের বড় বড় চরে যৌথভাবে কাজ করা যেতে পারে।
শনিবার (২ মার্চ) রাতে প্রতিমন্ত্রীর বাসভবনে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) মহাপরিচালক ড. অজয় মাথুর সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।
এসময় সংস্থাটির মহাপরিচালক আইএসএ’র প্রথম স্টিয়ারিং কমিটির সভায় আলোচ্য বিষয় ও সিদ্ধান্তসমূহ প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বাংলাদেশের সোলারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির পরিমাণ হ্রাস করতে হবে। ভাসমান সোলারের সম্ভাব্য স্থান বিচক্ষণতার সঙ্গে নির্বাচন করতে হবে। রূফটপ সোলারের ব্যাপক প্রসারে আইএসএ আরও অবদান রাখতে পারে।
আলোচনাকালে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল ও আইএসএ’র অনুষ্ঠান ও প্রকল্প বাস্তবায়ন ইউনিটের প্রধান রমেশ কুমার কুরুপ্পাথ উপস্থিত ছিলেন।

