যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ও মহিলা নেত্রী মুর্শেদা জামানের একমাত্র ছেলে রায়ান জামানের (২৯) মরদেহ উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে কুইন্সে বাড়ির পেছনে নিজস্ব জিমে মরদেহটি পাওয়া যায়। তবে কীভাবে রায়ান জামান মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সারাদিন কোনো খোঁজ না পেয়ে রায়ানের মা-বাবা তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন সে কাজে যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন।
কোথাও ছেলের সন্ধান না পেয়ে মা-বাবার মনে সন্দেহ দেখা দেয়। পরে বিকেলে নিউইয়র্কের কুইন্সে বাড়ির পেছনে রায়ানের তৈরি নিজস্ব জিমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এদিকে, আজ শনিবার (১৬ মার্চ) বাদ যোহর রায়ানের নামাজে জানাজা জামাইকার মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং একই দিনে লং আইল্যান্ডের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।

