নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কের বিভিন্ন অংশে গাছ ভেঙে পড়েছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এছাড়া ঝড়ে উড়ে গেছে সোনাদিয়া নুরানি মডেল মাদরাসার ঘর।
রোববার (৭ এপ্রিল) সকালের দিকে এ ঝড় হয়। এতে বিভিন্ন এলাকা থেকে শতাধিক আধাপাকা বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ব্যাপক বজ্রপাত হয়েছে।
ঝড়ে উপজেলার সোনাদিয়া নুরানি মডেল মাদরাসার পুরাে ঘর উড়ে গেছে। এতে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় সড়কে গাছ উপড়ে পড়েছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে গ্রাহকরা।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কৃষি বিভাগ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ে সোনাদিয়া নুরানি মডেল মাদরাসার ঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঘর উড়ে যাওয়ার খবর শুনেছি। ক্ষয়ক্ষতির হিসাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

