পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি সর্বশেষ কর্মরত ছিলেন। তার নাম মোঃ আব্দুল বাতেন। তিনি মোটামুটি ফেসবুকে সরব থাকেন। পুলিশের অনেক অফিসার চাকরিচ্যুতির পর আত্মগোপনে চলে গেছেন। তবে ডিআইজি বাতেন কোথায় আছেন তা জানা যায়নি।
এবার আসা যাক তিনি আজ (রোববার) রাত সাতটার দিকে কী পোস্ট দিয়েছিলেন, তা দেখে আসি।
লেখার শুরুতেই তিনি বলেন,প্রিয় এলাকাবাসী, আপনারা আমার সালাম/ প্রণাম গ্রহন করবেন। বেশ কিছুদিন যাবত আপনাদের সাথে আমার কিছু ভাবনা, অনুভূতি প্রকাশ করবো ভাবছি—এটি আমার কোন ভয় জবাবদিহিতা নয় বরং আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা । যেখানে আমার জন্ম, বেড়ে উঠা, সেই মাঠি ও মানুষের জন্য কিছু করার তাগিদ ছোট বেলা থেকেই আমাকে তাড়িত করেছে।
শিক্ষা, চিকিৎসা,সামাজিক উন্নয়নে যে সকল প্রতিষ্ঠান
অত্র এলাকায় গড়ে তোলা হয়েছে এর সুফল মানুষ ভোগ করছে, ভবিষ্যতেও অনাগত প্রজন্ম ভোগ করবে। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সৃষ্টির সেরা হয়েও মানুষ ভুল করে, ভুলের জন্য অনুতপ্ত হয়,আবার ভালো আত্মার মানুষ স্রষ্টার কাছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে।
আমিও দোষেগুনে একজন সাধারণ মানুষ। অনেক বড় কিছু হয়েছি এমন অহংকার কোন দিন কোথাও করিনি। কারও সাথে খারাপ আচরণ করেছি এমনটিও মনে পড়ে না।
একটি বিষয় আপনাদের স্পষ্ট করার প্রয়োজন মনে করছি। এলাকার উন্নয়নের জন্য আমি যতটুকু করেছি— এর পেছনে আমার নিজের লাভবান হওয়ার কোন উদ্দেশ্য কোন দিন ছিল না। কোন রাজনৈতিক অভিলাশ-উচ্চাকাঙ্ক্ষা কখনো ছিল না। শুধুমাত্র এলাকার উন্নয়ন এবং আপনাদের সন্তানের ভবিষৎ কল্যাণের ভাবনা থেকেই আমার এই পথে হাঁটা। কল্যাণমূলক কাজে ধনী-গরীব দল মত নির্বিশেষে সকলের সমর্থন আমাকে অনুপ্রানিত করেছে বলেই এসব করা সম্ভব হয়েছে।
নিজেদের মধ্যে হিংসা , বিদ্বেষ, দ্বন্দ্ব এইসব কখনও আমি প্রত্যাশা করিনি। কিন্তু বাস্তবে দেখেছি অনেকেই নিজেদের স্বার্থ,নেতৃত্ব এবং প্রভাব বিস্তারের জন্য আমাকে ব্যবহার করেছে। যা আমাকে অনেক সময় বিব্রতকর অবস্থায় ফেলেছে। আমি কখনোই কোন অন্যায় কাজে সমর্থন করিনি এবং অন্যায়কে প্রশ্রয় দেইনি।
ব্যক্তিগতভাবে এলাকায় আমার সাথে কারো কোন দন্দ্ব, প্রতিদ্বন্দিতা অথবা আর্থিক লেনদেনের বিষয়ে কোন সংশ্লিষ্টতা নেই। সমাজে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকা দোষের কিছু নয়। কিন্তু কারও উপর শারীরিক আক্রমন কোন অবস্তায় সমর্থনযোগ্য নয়, আমি এর তীব্র নিন্দা জানাই।
আমি সবসময়ই সামাজিক শৃঙ্খলা ও শান্তির লক্ষ্যে পারস্পরিক সম্পর্ককে সবচেয়ে বেশি গুরত্ব দিয়ে থাকি । কারও সাথে বিদ্বেষ-বৈরিতাকে প্রশ্রয় না দিয়ে সকলের উপযুক্ত সম্মানবোধ, সুসম্পর্ক এবং স্তিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছি।
তারপরও যদি নিজের অজান্তে আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন।
প্রিয় এলাকাবাসী,
সামাজিক উন্নয়নে নির্মিত প্রতিষ্ঠান সমূহ- স্কুল , কলেজ, এতিমখানা, হাসপাতাল,মসজিদ, মাদ্রাসা,আশ্রয়ণ প্রকল্প ইত্যাদির কোনটি আমার উপার্জিত অর্থে গড়া নয়। দাতা সংস্থা অথবা, সরকারি অর্থায়নের মাধ্যমেই এইসব করা হয়েছে। আমি শুধু উপলক্ষ মাত্র।
তবে পারিবারিকভাবে আমাদের অনেক পৈতৃক সম্পত্তি মানবিক কল্যানমূলক কাজে দান করেছি।
পৃথিবীতে কেউ অমরত্ব নিয়ে আসেনি, সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু বেঁচে থাকবে এই প্রতিষ্ঠান ।
আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যেসব প্রতিষ্ঠান এলাকার উন্নয়নের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে এর সবই আপনাদের সন্তান এবং প্রজন্মের কল্যাণের উদ্দেশ্যে।
সুতরাং এসব দেখা শোনার দায়িত্ব আপনাদের সকলের। সব বিভেদ প্রতিহিংসা ধুঁয়ে মুছে একসাথে সামনে চলবেন। বিদ্বেষ হিংসা নিজেদের মধ্যে শত্রুতা তৈরী করে। এমন কাজ থেকে বিরত থাকবেন। সকলের ঐক্যবদ্ধ শক্তি সামনে সুন্দর ভবিষ্যত রচনায় আপনাদের অনেক বেশী সহায়ক হবে। মহান আল্লাহ সকলের মঙ্গল করুন। আমিন।
(এএ/ফারহানা সুমনা)

