জাতীয় পরিচয়পত্র (সংক্ষেপে এনআইডি কার্ড) বাংলাদেশী নাগরিকদের জন্য একটি বাধ্যতামূলক নথি। যা ১৮ বছর পূর্ণ হওয়ার পর একজন নাগরিক হিসেবে তাকে সরকারের নথিভুক্ত হতে হয়। বিদ্যমান আইনে জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য নথিভুক্ত করণ ও আইডি কার্ড সরবরাহ করে থাকে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নামের বানান, জন্মতারিখ বা ঠিকানার ভুল ঠিক করাসহ এই এনআইডি করতে গিয়ে নাগরিকের ভোগান্তির শেষ নেই। এনআইডি সংক্রান্ত আরেকটি কম আলোচিত ভোগান্তির নাম ‘ম্যাচ ফাউন্ড’ বা মিল পাওয়া।
একজনের হাতের আঙুলের ছাপ অন্যজনের সঙ্গে মিলে গেলে এই সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে নতুনদের ক্ষেত্রে এনআইডি নম্বর পড়ছে না। এমনকি যার সঙ্গে মিলছে, তার এনআইডি নম্বরও লক হয়ে যাচ্ছে। আর এ বিষয়ে নাগরিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে জানতে পারছেন না বলে ম্যাচ ফাউন্ডে বড় ধরনের সমস্যা হয়ে উঠেছে।
জাতীয় এনাইডিল ম্যাচ ফাউন্ড সমস্যা সমাধানের জন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলার অধিবাসীরা ঢাকার নির্বাচন ভবনে এসে ভিড় করছেন। এ জন্য তাদের সময় ছাড়াও বাড়তি খরচের হয়রানির মধ্যে পড়তে হয়।
ইসি সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ নতুন ভোটার হওয়ার আবেদন করে হয়তো মাসের পর মাস পার করলেও এনআইডি নম্বর পাচ্ছেন না। এ রকম অনেকে ইসিতে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তিনি ‘ম্যাচ ফাউন্ড’ সমস্যার শিকার। তাঁর আঙুলের ছাপ অন্য কারও সঙ্গে মিলে গেছে।
ভোটার হতে এখন দুই হাতের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিসের প্রতিচ্ছবি নেয় ইসি। ভোটার তালিকা হালনাগাদের সময় ছাড়াও সারা বছর থানা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে নতুন ভোটার নিবন্ধনকালে আঙুলের ছাপ ও আইরিসের প্রতিচ্ছবি নেওয়া হয়।
কেউ নতুন ভোটার হতে গেলে প্রথমে তাঁর আঙুলের ছাপ ও আইরিসের প্রতিচ্ছবি ইসির তথ্যভান্ডারে জমা পড়ে। তারপর সেখান থেকে মূল সার্ভারে থাকা কমবেশি ১৩ কোটি নাগরিকের আঙুলের ছাপ ও আইরিসের প্রতিচ্ছবির সঙ্গে আবেদনকারীর তথ্য মেলানো হয়। অন্য কারও সঙ্গে না মিললে আগ্রহী ব্যক্তিকে ভোটার করা হয়। ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে তিনি একটি এনআইডি পান।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ম্যাচ ফাউন্ড দুই প্রকার—একটি ‘ট্রু ম্যাচ’ (দুই ছাপ একই ব্যক্তির আঙুলের হওয়া), আরেকটি ‘ফলস ম্যাচ’ বা অন্য ব্যক্তির সঙ্গে আঙুলের ছাপ মিলে যাওয়া।
ইসির একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ২০১৯ সালের পরে আবেদন করা নাগরিকদের মধ্যে যাঁদের আঙুলের ছাপ অন্য ব্যক্তির সঙ্গে মিলে গেছে, তাঁদের সমস্যা দিন দশেকের মধ্যে সমাধান হয়ে যায়। তবে বাকিদের সমস্যার সমাধান কত দিনে হবে তা বলতে পারেননি সংশ্লিষ্টরা।
একজন শিক্ষার্থী গত ফেব্রুয়ারি মাসে নিজ জেলা চট্টগ্রামে ভোটার হওয়ার আবেদন করেছিলেন। এখনো তিনি এনআইডি নম্বর পাননি। সেই শিক্ষার্থীর বড় ভাই সম্প্রতি ঢাকার নির্বাচন ভবনে এসে খোঁজ নিয়ে দেখেন আবেদনটি ম্যাচ ফাউন্ড ক্যাটাগরিতে পড়ে আছে। পরে এনআইডি প্রার্থীকে সঙ্গে নিয়ে এক দিন ইসিতে যেতে বলা হয় তাকে।
গত বৃহস্পতিবার নির্বাচন ভবনে কথা হয় একই ভোগান্তিতে পড়া কুষ্টিয়ার দৌলতপুরের কৃষক মো. তৌহিদুল ইসলামের সঙ্গে। তৌহিদুল বলেন, তিনি ২০০৭-০৮ সালে ভোটার হয়েছেন। করোনাকালে টিকা নিতে গিয়ে জানতে পারেন তাঁর এনআইডি লক হয়ে আছে। এ কারণে টিকাই নিতে পারেননি। তার পর থেকে এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন কিন্তু এখনো সমাধান হয়নি।
তৌহিদুল বলেন, ‘আমার আঙুলের ছাপ দিলে গাইবান্ধার এক ব্যক্তির ছবি আসে।…এনআইডি লক হয়ে যাওয়ার কারণে আমার অনেক কাজ আটকে আছে।’
ইসির একটি সূত্র বলছে, ম্যাচ ফাউন্ডের বেশির ভাগ ঘটনাই ২০১৯ সালের আগে। ইসির তদন্ত প্রতিবেদনে ধরা পড়েছে, এক ব্যক্তির আঙুলের ছাপ অন্য ব্যক্তির দেওয়ায় ডানের বদলে বাঁ ও বাঁ হাতের বদলে ডান হাতের আঙুলের ছাপ এমনকি হাতের বদলে পায়ের আঙুলের ছাপ দেওয়ার কারসাজির ঘটনাও ঘটেছে। দৃশ্যত আগের আইডির সঙ্গে মিল এড়ানোর জন্য অসাধু উদ্দেশ্যে এসব করা হয়। এ ছাড়া একজনের তথ্য আরেকজনের সঙ্গে বদল করার অভিযোগও রয়েছে।
কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী এতে সহায়তা করছেন। অবশ্য ইসি বলে আসছে কর্মকর্তা-কর্মচারী নয়, ডাটা এন্ট্রি অপারেটররা এর জন্য জন্য দায়ী।
গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় নির্বাচন ভবনে রাজশাহী অঞ্চলের এনআইডি সংশোধনের আবেদন ও নতুন ভোটার নিবন্ধনসংক্রান্ত এক সভায় জানানো হয়, বর্তমানে সারা দেশে ম্যাচ ফাউন্ডের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৪৩টি।
এ সময় বলা হয়, ম্যাচ ফাউন্ডের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি দ্বিতীয়বার ভোটার না হয়ে থাকেন, তাহলে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা আঙুলের ছাপ হালনাগাদ করবেন। কারিগরি শাখা এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
ম্যাচ ফাউন্ডজনিত সমস্যা সমাধানের জন্য এখনো দেশের সব জেলার বাসিন্দাদের ঢাকায় নির্বাচন ভবনে আসতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব শফিউল আজিম বলেন, এনআইডি সেবা সহজ করার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচ ফাউন্ড সমস্যা সমাধানের জন্য নাগরিকদের যেন আর ঢাকায় আসতে না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এএ/ফারহানা সুমনা

