কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরের সামনে এ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জে জেলা যুব অধিকার পরিষদ।
মানববন্ধন সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান।
মানববন্ধনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক।
ভালো মানের কোনো পরিবহন নেই। যেসব পরিবহন রয়েছে, সেগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।
তিনি বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার। সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া হওয়ার কথা ২৬০-২৭০ টাকা।
কিন্তু ভাড়া নিচ্ছে ৩৫০-৪০০ টাকা। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে পরিবহন মালিক সমিতি। এর আগে সেখান থেকে ভাগ নিতো আওয়ামী লীগের নেতারা। আমরা শুনেছি এখন সেখান থেকে অন্য একটা দলের নেতারা চাঁদা নিচ্ছে।তিনি চাঁদাবাজি বন্ধ করে এই রুটের ভাড়া দ্রুত সময়ের মধ্যে কমানোর দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, পাকুন্দিয়া উপজেলা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, বাজিতপুর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট ফজল মোল্লা, কিশোরগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মোমেনউদ্দীন জনি, ছাত্র নেতা ইমন খান ও পায়েল চৌধুরী।

