ইডকলের ১০৬ কর্মকর্তা কর্মচারিদের মানববন্ধন।

মানজুরুল আলম রানা
spot_img
spot_img

সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেডের (ইডকল) নিয়োগপ্রাপ্ত ১০৬ জনকে কোন নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। পুনরায় তাদের চাকরিতে বহালের দাবি জানান,প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ইডকলের প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান,
চাকরি পুনর্বহালের দাবিতে পহেলা মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি এবং ৮ আগস্ট ইডকল প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেসময় সেনাবাহিনীর মধ্যস্থতায় ইডকল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা চাকরি পুনর্বহালের লিখিত আশ্বাস দেওয়ার পরেও পুনর্বহাল না করায় গত ১৯ আগস্ট আবারও ইডকল প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সেসময় আবারো সেনাবাহিনীর মধ্যস্থতায় ইডকল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় চাকরি পুনর্বহালের সুপারিশের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একজন যুগ্ম সচিব ও একজন সহকারী সচিবসহ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরবর্তীতে তদন্ত কমিটি গত ১০ সেপ্টেম্বর ইডকলের চেয়ারম্যান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের কাছে তদন্ত রিপোর্ট প্রদান করলেও আজ পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্ট তাদের জানানো হয়নি কিংবা
চাকরিও পুনর্বহাল করা হয়নি।

গত মে দিবসের আগের রাতে স্বৈরাচারী সরকারের ইডকলের বোর্ড সংশ্লিষ্ট আমলা সচিব এবং ম্যানেজমেন্ট দ্বারা, ইডকলে মাঠ পর্যায়ে স্থায়ী নিয়োগপ্রাপ্ত ২৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১০৬ জন কর্মকর্তা-কর্মচারীকে কোনো নোটিশ বা কারণ ছাড়াই অন্যায় অযৌক্তিক ও বৈষম্যমূলকভাবে চাকরিচ্যুত করে।
কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেন, চাকরি পুনর্বহালের মিথ্যা আশ্বাস ও কালক্ষেপণ করা হচ্ছে। যার প্রেক্ষিতে আজকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া ১০৬ কর্মকর্তা-কর্মচারীর অবিলম্বে চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ নিউজ