মানহানির মামলায় বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির জামিন মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হয়ে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম ইমরান আহমেদ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাঈদ কে সন্ত্রাসী আখ্যা দিয়ে,৫ অক্টোবর ফেসবুক পোস্টে ঊর্মি লেখেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ! বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটা ছেলে যে কী না বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহিদ! এটাও এখন মানা লাগবে।
সেই সময় আবু সাইদ সম্পর্কে আরও বেশ কিছু মন্তব্য করেন তিনি এই পোস্টে।
একই পোস্টে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর মন্তব্যে তিনি লিখেন,
সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’আরও কিছু মন্তব্য করেছেন তার ফেসবুক পোস্টে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আদালতে মামলা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।
ঘটনার পর গত ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং ঊর্মিকে আজ (২৮ নভেম্বর) আদালতে হাজির হতে সমন জারি করেন।

