আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা ১ হাজার ৫৪০ জনের মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করেছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি-২০২৪।
জনপ্রশাসনে ৭৬৪ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ প্রকাশ্যে এর সমালোচনা করছেন। বর্তমান কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।
মঙ্গলবার সকালে কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দেওয়া হয়েছে। জমা পড়া আবেদনের মধ্যে ১৩টি আবেদন কমিটির এখতিয়ার বহির্ভূত হওয়ায় বিবেচনায় নেওয়া হয়নি বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জনপ্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদ (অতিরিক্ত সচিব) থেকে অবসরে যাওয়া কর্মকর্তাদের বঞ্চিত দেখানো সঠিক কি না, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।
তাঁরা বলছেন, সবাই তো আর সচিব হবেন না। পাশাপাশি একটি ব্যাচের অনেক বেশি কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে।
অর্থসংকটে থাকা সরকার কেন এত তড়িঘড়ি করে অবসরপ্রাপ্তদের সুবিধা দিতে অগ্রাধিকার দিল, সেটা নিয়েও কথা বলছেন কেউ কেউ।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরে অবসরে যাওয়া ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁরা এখন পদোন্নতি পাওয়া পদ অনুযায়ী মর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন।
এদিকে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘পদোন্নতি বঞ্চিত কমিটি থেকে প্রথমে আমাদের সবাইকে বলা হয়েছিল, অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হবে না। কারণ, অতিরিক্ত সচিব প্রশাসনের সর্বোচ্চ পদোন্নতি প্রাপ্ত পদ। আমরা অতিরিক্ত সচিবেরা তা মেনে নিয়েছিলাম।
মাহবুব কবির আরও লিখেন ১১৯ জনের মধ্যে ৫১ জন অতিরিক্ত সচিবকে সচিব করা হয়েছে, যার মধ্যে ৪৫ জনই একই ব্যাচের। এর মধ্যে অনেকেই কোনো প্রকার বঞ্চনার স্বীকার হননি।’
জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার গঠিত হওয়ার পরই নিজেদের বঞ্চিত দাবি করে পদোন্নতির জন্য বিক্ষোভ করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অনেকে।
তারপর অনেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। পাশাপাশি অবসরে যাওয়া অনেক কর্মকর্তাকে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ পদে বসানো হয় এবং অবসরে যাওয়া ‘বঞ্চিত’ দাবি করা কর্মকর্তাদের পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
কমিটি সাড়ে চার হাজারের মতো আবেদন বিশ্লেষণ করে ১ হাজার ৫৪০ জনকে ‘বঞ্চিত’ হিসেবে পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে। সেখান থেকে সরকার ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে।
পদোন্নতির জন্য সুপারিশকৃত ৭৬৪ জনের তথ্য বিশ্লেষণে দেখা যায় যে, কমিটি ৯ জন কর্মকর্তাকে ৪ ধাপ, ৩৪ জন কর্মকর্তাকে ৩ ধাপ, ১২৬ জন কর্মকর্তাকে ২ ধাপ এবং ৫৯৫ জন কর্মকর্তাকে ১ ধাপ পদোন্নতির সুপারিশ করেছে।
অপরদিকে ৭৬৩ জন কর্মকর্তাকে কমিটি পদোন্নতির সুপারিশ করেনি। তাদেরকে কেন পদোন্নতির সুপারিশ করা হয়নি প্রতিটি ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে
সুপারিকৃত এই কর্মকর্তাদের চাকরিতে ফিরতে হবে না। নতুন পদে এক দিনও কাজ করতে হবে না। শুধু আর্থিক সুবিধা পাবেন। মোট আর্থিক সুবিধার অর্ধেক পাবেন চলতি অর্থবছরে (২০২৪-২৫), অর্থাৎ আগামী ৩০ জুনের মধ্যে। বাকিটা পাবেন আগামী অর্থবছরে।
অতিরিক্ত সচিব পদে (গ্রেড-২) মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা পর্যন্ত হতে পারে। সচিব পদে নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা।
গতকাল যে ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ১১৯ জনকে সচিব করা হয়েছে।সচিব পদে পদোন্নতি পাওয়াদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এর মধ্যে ৩৫ জনই প্রশাসন ক্যাডারের ‘৮২ নিয়মিত ব্যাচের (১৯৮২ সাল)’ কর্মকর্তা। ‘
৮২ বিশেষ ব্যাচ’ থেকে সচিব হন আরও ১০ জন। সব মিলিয়ে বিসিএস ৮২ ব্যাচের ৪৫ জন সচিব পদে পদোন্নতি পেলেন। বিগত সরকারের সময়ে এই ব্যাচ থেকে অনেকে সচিব হয়েছেন।
বর্তমানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, সড়ক পরিবহন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ গুরুত্বপূর্ণ ১১টি মন্ত্রণালয়ের সচিব ৮২ ব্যাচের।
আওয়ামী লীগ সরকারের সময়ে ৮২ ব্যাচ থেকে সচিব হন আবুল কালাম আজাদ, নজিবুর রহমান, হেদায়েতুল্লাহ আল মামুন, খন্দকার আনোয়ারুল ইসলামের মতো আওয়ামী লীগ সরকারঘনিষ্ঠ কর্মকর্তারা।
জনপ্রশাসনে আলোচনা আছে যে এখন নেতৃত্বে থাকা ৮২ ব্যাচের আমলারা তাঁদের ব্যাচমেটদের পদোন্নতি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব তৈরি করা হয়েছে।
অবসরপ্রাপ্তদের পদোন্নতি দেওয়া নিয়ে বর্তমান কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আড়াই বছরের বেশি সময় আগে তাঁদের পদোন্নতির সময় হয়। কিন্তু সরকার দিচ্ছে না। তিনি বলেন, তাঁদের পদোন্নতি দিতে সরকারের আর্থিক চাপ খুব একটা বাড়বে না।এটা অনেকটা আত্মসমর্পণের মতো অবস্থা’
সরকারের আয় ও ব্যয়ে এখন সংকটজনক অবস্থা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয়ে ঘাটতি বেড়েছে। ফলে উন্নয়ন প্রকল্পের ব্যয়ে লাগাম টানতে হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের ওপর সম্প্রতি বাড়ানো হয়েছে মূল্য সংযোজন কর(মূসক/ভ্যাট)।
উদ্যোগ নিয়েও সরকার কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়া থেকে আপাতত পিছিয়ে এসেছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অবসরপ্রাপ্তদের ফিরিয়ে এনে পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়া সরকারের অগ্রাধিকার তালিকার নিচের দিকে থাকার কথা। আর্থিক চাপ কমলে তখন এসব সুবিধা দেওয়া যেত। এমনও হতে পারত, এখন স্বীকৃতি দেওয়া হলো, টাকা কয়েক বছর

