দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক ডিরেক্টর ইনচার্জ ও বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া।
জানা যায়, ২০১৯ সালে তার বিরুদ্ধে দুদকের মামলা ছিল মানিলন্ডারিং। সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ দুদক যত অভিযোগ এনেছিল তার পক্ষে রাষ্ট্রপক্ষ প্রমাণ দিতে পারেনি। দুদকের করা মামলা থেকে মুক্ত হয়েছেন লোকমান।গত ২৬ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত রায় দিয়েছেন।
লোকমানের আইনজীবী ব্যারিস্টার ইসমাইল হোসেন আদালতের রায় নিয়ে জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ আমার মোয়াক্কেল লোকমান হোসেনের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণাদি আদালতের কাছে তুলে ধরতে পারেননি বিধায় আদালত নির্দোষ সাব্যস্তে বেকসুর খালাস দিয়েছে।’
এই আইনজীবী জানিয়েছেন, প্রাথমিক এফআইআরে বলা হয়েছিল, ক্যাসিনো দিয়ে টাকা উপার্জন করা এবং বিদেশে টাকা পাচার করেছেন লোকমান।
পরবর্তীতে দুদকের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা আদালতে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণাদি তুলে ধরতে পারেননি। একমাত্র আসামি লোকমানের বিরুদ্ধে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।
এই মামলা প্রসংগে ব্যারিস্টার ইসমাইল হোসেন বলেন, ‘মোমিনুল হক সাঈদ প্রেস বসাবে বলে ৭০ হাজার টাকা মাসে মোহামেডানের হলরুম ভাড়া নিয়েছিল। ভাড়ার টাকা মোহামেডানের তহবিলে জমা হয়েছে। লোকমান হোসেন কোনো মানি লন্ডারিং করেননি এবং রাষ্ট্রপক্ষও সেটি প্রমাণ করতে পারেনি।হল ভাড়া থেকে আয় বার্ষিক সাধারণ সভার অডিট রিপোর্টও অনুমোদন হয়েছে।
প্রত্যেকটি অভিযোগের বিরুদ্ধে নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপক্ষের সাক্ষীরা প্রমাণ করতে পারেননি লোকমান হোসেন ক্যাসিনোকাণ্ডে জড়িত ছিলেন।’
ব্যারিস্টার ইসমাইল হোসেন বলেন, ‘আদালত সবকিছু বিবেচনা করে লোকমান হোসেনকে বেকসুর খালাস দিয়েছে।’
মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগেই। কিন্তু ক্লাবটির অনেক সংকট দূর হয়নি। দুই বছর মেয়াদের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদও শেষ হয়েছে এক বছর ১১ মাস আগে। আগামী ৫ মার্চ আরও দুই বছর পার হবে। তবে নির্বাচনের খোঁজ নেই।
গত শনিবার মোহামেডানের পরিচালনা পর্ষদের সভা হয়েছে। সভা সূত্রের খবর, আগামী মার্চে নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেন।
নির্বাচন ও ক্লাবের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। লোকমান হোসেন ভূঁইয়া ক্লাবের নির্বাচন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে একটি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য লোকমান হোসেন ভূঁইয়া ইতোমধ্যে মোহাম্মদপুর ক্রিকেট একাডেমি থেকে বিসিবির কাউন্সিলরও হয়েছেন। এ-সংক্রান্ত চিঠি বিসিবিকে দেওয়া হয়েছে

