মানিকগঞ্জে দায়ের করা দুটি পৃথক মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মোট ৬ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে আদালতে হাজির করা হয়। পরে তাকে মানিকগঞ্জ আদালতের হেফাজতে নেয়া হয়। আদালত সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় সংঘটিত একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় তাকে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতে উপস্থাপন করা হয়। মামলাটি পরিচালনা করছেন বিচারক নূর হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এই মামলায় মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। অন্যদিকে, তার আইনজীবীরা জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও ১৩ মে একই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়ার অনুমতি চাওয়া হয়।
উল্লেখ্য, ১২ মে রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ অংশ নেন সাগর নামের এক তরুণ। সেই দিন বিকেলে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে গুলিবিদ্ধ হয়ে সাগরের মৃত্যু হয়। পরবর্তীতে ২৭ নভেম্বর ভুক্তভোগীর মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে, আরও ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মমতাজ বেগম সেখানে ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।
২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন মমতাজ বেগম। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনেও তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

