ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাত্রার সময় এই হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। রবিবার (১৫ জুন) ভোর ৫টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন পাইলটসহ ছয়জন তীর্থযাত্রী, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আর্যন এভিয়েশনের পরিচালিত হেলিকপ্টারটি মাত্র ১০ মিনিটের যাত্রায় গৌরিকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝখানে জঙ্গলে ভেঙে পড়ে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি অথবা খারাপ আবহাওয়া হতে পারে দুর্ঘটনার সম্ভাব্য কারণ। হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা ধোঁয়া দেখে প্রশাসনকে জানায়। এরপর এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছায়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, “রুদ্রপ্রয়াগ জেলায় এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। উদ্ধার কাজ চলছে এবং আমরা যাত্রীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”
এনডিটিভি জানায়, নিহত যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে এসেছিলেন। দুর্ঘটনাটি কেদারনাথ মন্দিরের দরজা খোলার পর মাত্র ছয় সপ্তাহের মধ্যে হেলিকপ্টার সংশ্লিষ্ট পঞ্চম দুর্ঘটনা।
এর আগে ৭ জুন আরেকটি হেলিকপ্টার প্রযুক্তিগত সমস্যার কারণে সড়কে জরুরি অবতরণ করে। সে সময় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে।
কেদারনাথ হিমালয়ের দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় হেলিকপ্টার পরিষেবা জনপ্রিয় হলেও, ধারাবাহিক দুর্ঘটনায় এই পরিষেবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

