স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়,মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোর সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ১৫তম সোশ্যাল বিজনেস ডে-র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীকে বদলাতে হলে সবাইকে অংশ নিতে হবে। ধ্বংসের পথে যাওয়ার আগে সঠিক পথ বেছে নিতে হবে। বিষণ্ন নয়, চাই সুন্দর বিশ্ব। নতুন সভ্যতা গড়ার জন্য স্বপ্ন দেখা অপরিহার্য।
সামাজিক ব্যবসাকে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের একমাত্র কার্যকর উপায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।এই ব্যবস্থার মাধ্যমে বৈষম্য দূর করে মানবিক মূল্যবোধভিত্তিক বিশ্ব গঠনে সহায়তা করা সম্ভব।
ড. ইউনূস আরও বলেন, শিক্ষা ব্যবস্থার প্রথম কাজ হওয়া উচিত স্বপ্ন দেখানো শেখানো। কারণ নতুন কোনো কিছু গড়ে তুলতে হলে স্বপ্নই প্রথম ধাপ। গ্রামীণ বিশ্ববিদ্যালয় এই নতুন সভ্যতা গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি জানান, এবারকার সোশ্যাল বিজনেস ডেতে পাঁচটি পূর্ণাঙ্গ ও আটটি ব্রেকআউট সেশন রয়েছে। এতে ২৫টিরও বেশি দেশের ১৮০ জন বিদেশিসহ সহস্রাধিক মানুষ অংশ নিচ্ছেন।
সামাজিক ব্যবসা দিবসকে পারিবারিক পুনর্মিলনের অংশ উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আপত্তির কারণে এই দিবস পালন সম্ভব হয়নি। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো এই অনুষ্ঠান বাস্তবায়ন সম্ভব হয়েছে।

