শায়েস্তাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
spot_img
spot_img

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে সিলেটগামী রয়েল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফ মিয়া এবং হাসপাতালে নেওয়ার পর এনা গাড়ির সুপারভাইজার সাজু মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়। অপর নিহতের পরিচয় মিলেনি।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি আরও বলেন, সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের অনেকের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে ট্রাফিক স্বাভাবিক করে।

সর্বশেষ নিউজ