মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা, কোন কোন বিষয়ে তথ্যের কিছু অস্পষ্ট অবস্থা পরিষ্কার করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে আমরা আজকে বৈঠক করেছি এবং সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। বৈঠকে কমিশন তফসিল ঘোষণা ও নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের যে কথা জানিয়েছেন, তাতে আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি, কমিশনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো ধরনের আশঙ্কা আমরা করছি না।
তিনি আরও বলেন, কারো প্রতি অনাস্থার কারণে আমরা এখানে আসিনি। জাতি মনে করে, কমিশনের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার সময়টা যেন পার হয়ে যাচ্ছে। এ বিষয়টাকে পরিষ্কার করার জন্য আজকের এই বৈঠক।
আজকের বৈঠকে ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গ এবং ভোট কেন্দ্রগুলোতে বিজিবি. সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি আলোচনা হয়েছে। মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি, সেটিও আলোচনায় এসেছে। প্রশাসনে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা এবং ইলেকশনের সাথে যুক্ত অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেই বিষয়ও ছিল। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানকে ফলপ্রসূ করা এবং ৫ আগস্টের পর থেকে সারাদেশের থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কী পরিমাণ উদ্ধার হলো, সেটা জানতে চেয়েছি। সেইসঙ্গে অবৈধ অস্ত্রধারীরা, যারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে, তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনা ইস্যু ছিল।
তিনি আরও বলেন, প্রবাসীদের সহজভাবে ভোট প্রদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা নিয়ে আমরা কমিশনকে জানিয়েছি, যেহেতু নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য এটি অন্যতম ইস্যু। একটি জাতীয় নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এতে অর্থ ব্যয় হওয়া, প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি, ডোনার কান্ট্রির কাছে সহযোগিতা চাওয়া যায়।

