ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে সংশোধন, প্রকাশিত হলো ইসির প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত সময়সূচিতে কিছু সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জারি করা তফসিলের কয়েকটি তারিখ ও শব্দগত অংশ পরিবর্তন করে সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

 

শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মূল তফসিলের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।

 

সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য যে সময়সূচি ঘোষণা করেছিল, তারই সংশোধন হিসেবে গত ১১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেট হালনাগাদ করা হয়েছে।

ইসি জানায়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠার ২য় ও ৩য় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হিসেবে পূর্বে উল্লিখিত ‘২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রোববার’ শব্দ ও চিহ্নের পরিবর্তে ‘২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার’ প্রতিস্থাপন করা হয়েছে।

 

এ ছাড়া গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ হিসেবে আগে উল্লেখ থাকা ‘২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রোববার’ শব্দ ও চিহ্নের পরিবর্তে ‘২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রোববার’ শব্দ ও চিহ্ন সংযোজন করা হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশোধিত এ সময়সূচি অনুযায়ীই পরবর্তী সকল নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ নিউজ